আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড—এই আট দল আগেই আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের টিকিট নিশ্চিত করে রেখেছে। অস্ট্রেলিয়ায় এবারের আসরে সুপার টুয়েলভ পর্বে এই আট দলের সঙ্গে প্রথম রাউন্ড থেকে যোগ দেবে আরো চারটি দল। এই চারটি টিকিটের জন্য আট দলের লড়াই শুরু হচ্ছে আজ।
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে নামিবিয়া, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে লড়বে টি২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। প্রথম রাউন্ডের খেলাগুলো হবে ভিক্টোরিয়ার বন্দরনগরী জিলংয়ের কারদিনিয়া ও হোবার্টের বেলেরিভ ওভালে। ‘এ’ গ্রুপের খেলা জিলংয়ে আর ‘বি’ গ্রুপের খেলা হবে হোবার্টে।
প্রথম দিন প্রথম ম্যাচে মাঠে নামছে ২০১৪ আসরের বিশ্ব চ্যাম্পিয়ন ও সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া শ্রীলংকা। আজ প্রথম ম্যাচে সিংহলিজদের প্রতিপক্ষ নামিবিয়া। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিদিন প্রথম ম্যাচ সকাল ১০টায় ও দ্বিতীয় ম্যাচ বেলা ২টায় শুরু হবে। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মিশন শুরু হবে আগামীকাল।
২০২১ সালের টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে উত্তীর্ণ হওয়া দলগুলো স্বয়ংক্রিয়ভাবেই ২০২২ সালের টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ওই আসরে সুপার টুয়েলভ রাউন্ডের পারফরম্যান্স ও ১৫ নভেম্বর পর্যন্ত র্যাংকিং বিচারে ২০২২ আসরের সুপার টুয়েলভ রাউন্ডের টিকিট পায় আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। নামিবিয়া, স্কটল্যান্ড, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের জায়গা হয় ২০২২ আসরের প্রথম রাউন্ডে। এছাড়া বৈশ্বিক বাছাইপর্ব খেলে তাদের সঙ্গে প্রথম রাউন্ডে খেলার ছাড়পত্র পায় আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত। আজ থেকে আরেকটি ‘বাছাইপর্বে’ লড়বে এই আট দল, যেখান থেকে চারটি দল উঠবে সুপার টুয়েলভ রাউন্ডে।
প্রথম রাউন্ডে মাঠে নামার আগে দুটি করে ওয়ার্মআপ ম্যাচ খেলার কথা ছিল দলগুলোর। তবে বৃষ্টির বাধায় প্রত্যেক দল একটি করে ম্যাচ খেলতে পেরেছে। অবশ্য সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সদ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলেছে, যাতে তারা দুটিতেই পরাজিত হয়। এছাড়া অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগেই শেষ হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। ফলে ওয়েস্ট ইন্ডিজের সব খেলোয়াড়ই এই ফরম্যাটে খেলার মধ্যেই রয়েছেন।
প্রথম রাউন্ড শেষে শুরু হবে সুপার টুয়েলভ রাউন্ডের রোমাঞ্চ। যেখানে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত হবে প্রথম রাউন্ড থেকে আসা দুটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হবে প্রথম রাউন্ডের বৈতরণী পার হয়ে আসা দুটি দল।
২২ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ পর্ব। এটি ২০২১ আইসিসি টি২০ বিশ্বকাপেরই পুনরাবৃত্তি যেন। গত বছর দুবাই ফাইনালে লড়েছিল এই দুটি দল, যাতে শেষ হাসি হাসে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। এটি ২০১৫ বিশ্বকাপ ফাইনালেরও পুনরাবৃত্তি, যখন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ট্রান্স-তাসমান ফাইনাল কিউইদের হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল অজিরা।
পরদিন ২৩ অক্টোবর ক্রিকেটের দুনিয়া কাঁপানো ভারত-পাকিস্তান লড়াই। বৈশ্বিক মঞ্চে ২০২১ সালের আগে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যদিও বাবর আজমের বর্তমান দলটি অনেক উদ্দীপ্ত, যারা গতবার টি২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর কৃতিত্ব দেখায়। এবারো শুরুর দিকেই মুখোমুখি হবে দুই এশিয়ান জায়ান্ট, ক্রিকেটের দুই চিরবৈরী দল। সদ্যই নিউজিল্যান্ডের মাঠে ত্রিদেশীয় টি২০ সিরিজ জিতে নিয়ে বাবর-রিজওয়ানরা এ মুহূর্তে ভীষণ উদ্দীপ্তও।
প্রথম রাউন্ডে ১২টি, সুপার টুয়েলভ পর্বে ৩০টি এবং সেমিফাইনাল ও ফাইনাল মিলে মোট ৪৫টি ম্যাচ থাকছে অষ্টম টি২০ বিশ্বকাপে। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের শিরোপার মীমাংসা হবে।
আগের সাত আসরে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ দুবার শিরোপা জিতেছে। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া একবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।










