নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এস নুরুন্নবী এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নারিকেল গাছ মার্কা প্রতীকের এ প্রার্থী তার নির্বাচনী গণসংযোগের গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এছাড়াও শহরের ক্যাসেল ব্রিজ এলাকায় নির্বাচনী ক্যাম্পে মাইক বেঁধে প্রচারণা করছিল। এসব অভিযোগে তাকে জরিমানা করেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এস নুরম্নন্নবী জানান, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫’র ৩১ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থীর প্রতিনিধি হাবিবুল বাশারের কাছ থেকে অর্থদণ্ড আদায় করা হয়। তিনি বলেন, যে প্রতিনিধিই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবে তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।









