‘টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ’ এ শ্লোগান সামনে রেখে গোপালগঞ্জে শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুল্লাহ আল মাসুদ, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপপরিচালক ড. অরবিন্দ কুমার রায়, জেলা খাদ্য নিরাপত্তা অফিসার মুন্নী খাতুন, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শামীম হাসানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করে নতুন প্রজন্মকে ভেজাল খাদ্যের হাত থেকে রক্ষা করতে হবে। অনিরাপদ খাদ্যগ্রহণে অনেক সময় মারাত্মক স্বাস্থ্যের ঝুঁকির সৃষ্টি হয়। আমাদের এ নিরাপদ খাদ্যের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনসচেতনতা বাড়ানো।









