নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টকাণ্ডের ঘটনায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আদালতে রিসোর্টের দুই কর্মকর্তাসহ সাক্ষ্য দিয়েছেন এক আনসার সদস্য।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ তিনজন সাক্ষ্য দেন। পরে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁশুলি (পিপি) রকিবুদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রিসোর্টকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪৩ জন সাক্ষী আছেন। তাদের মধ্যে রিসোর্টের সুপারভাইজার আব্দুল আজিজ পলাশ, জনসংযোগ কর্মকর্তা (পিআর) নাজমুল হাসান অনি ও আনসার সদস্য রতন বড়াল সাক্ষ্য দিয়েছেন।

তিনি আরো জানান, আদালত পাঁচ সাক্ষীকে উপস্থিত হতে নির্দেশ দিয়েছিলেন। উপস্থিত হন চারজন। চতুর্থ সাক্ষীর নাম ইসমাইল হোসেন, তিনিও আনসার সদস্য। তার সাক্ষ্যগ্রহণ হয়নি। পরবর্তী তারিখে তার সাক্ষ্য নেয়া হতে পারে বলে জানান পিপি রকিবুদ্দিন আহমেদ।

এর আগে গত ২৪ নভেম্বর সংশ্লিষ্ট মামলায় আদালতে সাক্ষী দেন মামুনুল হকের কথিত স্ত্রী দাবি করা ভুক্তভোগী জান্নাত আরা র্ঝনা।