দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল সকালে উপজেলার খোদাদাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ।
নিহতরা হলেন ওই গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫)। আটককৃতরা হলেন উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ওমর আলী (৫৫), তার
স্ত্রী মোমেতা বেগম (৪৫) ও ছেলে সামিরুল ইসলাম (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ২৮ শতক জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ওমর আলীর সঙ্গে হায়দার আলীর দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছিল। মীমাংসা না হওয়ায় তাদের এ দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতে মামলা চলমান অবস্থায় ওমর আলী লোকজন নিয়ে মাঝে মধ্যেই জায়গাটি দখল নিতে আসেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওমর আলী ওই বিরোধপূর্ণ জমিতে পানি দিতে এলে হায়দার আলীর ছেলেরা বাধা দেন। এ সময় ওমর আলীসহ তার পরিবারের পাঁচ-ছয়জন লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালান। এতে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মনোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাকিব হোসেন মারা যান।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।’










