দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনার মোহনগঞ্জে দুজন মারা গেছেন। এছাড়া জামালপুর, নরসিংদী ও হবিগঞ্জে আরো তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল ও আগের দিন বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নেত্রকোনার মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার পেরিরচর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বজ্রপাতে মৃতরা হলেন উপজেলার পেরিরচর গ্রামের লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া ও একই গ্রামের মজিবুর রহমের ছেলে তানজিদ।
এদিকে জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে হাশেম আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাশেম আলী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়নের ধারাবর্ষা এলাকার ওয়াহেদ আলীর ছেলে। তিনি পেশায় ঘোড়ার গাড়িচালক ছিলেন।
নরসিংদীর বেলাবতে ধান আনতে গিয়ে বজ্রপাতে প্রদীপ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার চর উজিলাব ইউনিয়নের আড়িয়ল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে। প্রদীপ মিয়া উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব পশ্চিম পাড়া গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে। এছাড়া হবিগঞ্জের চুনারুঘাটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মর্তুজা আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে।










