দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে পাবনা, লালমনিরহাট, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
পাবনা: সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার রাতে পাবনা-ঢাকা মেরিল বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক দুখু ইসলাম (৩৫) ও যাত্রী রমজান আলী (৪০)। দুখু পাবনা শহরের শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার শামসুল ইসলামের ছেলে। আর রমজান আলী একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে।
লালমনিরহাট: হাতীবান্ধায় বালিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন। শনিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দিঘিরহাটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। গতকাল দুপুরে আহত জুলেখা বেগম (৫০) মারা যান। এর আগে শনিবার রাতে মারা যান আব্দুল কাইয়ুম (৭০)।
ঢাকা: রাজধানীর সচিবালয়ের পূর্ব পাশের জিরো পয়েন্টে ট্রাক ও বাসের সংঘর্ষে আয়েশা (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হন। গতকাল সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম: মিরসরাইয়ে গাড়িচাপায় জোসনা রায় (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট পৌরসভা সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোসনা উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মানিক রায়ের স্ত্রী।
বগুড়া: শিবগঞ্জে বাসচাপায় নাজমুল ইসলাম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা সোয়া ৩টার দিকে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে মোকামতলার গণেশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া: দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ ভূঁইয়া (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা সড়কের কোড্ডায় এ দুর্ঘটনা ঘটে।










