বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কানাইজোপাড়ায় এ ঘটনা ঘটে।

ওয়ার্ড মেম্বার থোয়াইচিংমং মারমা ও পাড়ার কারবারী (পাড়া প্রধান) মেথোয়াইচিং মারমা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পাড়ার ভেতরের একটি বন্ধ দোকানের সামনে আকস্মিকভাবে গোলাগুলি শুরু হয়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন। ধারণা করা হচ্ছে, গোলাগুলির ঘটনাটি দুই পক্ষের মধ্যে সংঘটিত হয়েছে এবং উভয়পক্ষই বহিরাগত। ঘটনাস্থলে অজ্ঞাত এক যুবকের নিথর দেহ পড়ে ছিল। সম্ভবত মারা গেছে।

পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে জানা গেছে- আজ সকালে কানাইজোপাড়ায় গোলাগুলির ঘটনায় মংসাইলই মারমা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের বাসিঅংপাড়ার মংসিংউয়ের ছেলে। দীঘদিন ধরে সে নোয়াপতং ইউনিয়নের ম্রুক্ষ্যংপাড়ায় থেকে চাঁদাবাজি করছিল। নিহত যুবক আগে মগ পার্টিতে ছিলেন। পরে জেএসএস সংস্কার গ্রুপে যোগ দেন। তবে গোলাগুলি ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে। 

এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবীর বলেন, গোলাগুলির খবর পেয়েছি। ঘটনাস্থলের পথে রয়েছেন তিনি।