বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা এবং ১২ দফা দাবিতে হামিম গ্রুপের একটি কারখানা শ্রমিকরা গাজীপুরের চন্দ্রা- নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে তাদের এই অবরোধ চলছে। ফলে ঐ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শিল্প পুলিশ এবং শ্রমিকদের সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আন্দোলনকারী শ্রমিকরা গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়েছেন। অন্যদিকে ১২ দফা দাবি নিয়ে জিরানী এলাকায় একই মহাসড়কে অবস্থান হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকরা।
জানা গেছে, গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবর মাসের বেতন বাকি রয়েছে। বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। এ ছাড়া শ্রমিকরা ওই দিন থেকেই চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করছেন। অবরোধের কারণে আজও সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে ওই মহাসড়কে।
এদিকে শ্রমিক আন্দোলনের খবরে সকাল থেকেই চক্রবর্তী, জিরানীসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশ, থানা–পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
বেক্সিমকোর কয়েকজন শ্রমিক জানান, বকেয়া বেতনের জন্য তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন। যতদিন পর্যন্ত তাদের বেতন পরিশোধ করা না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে।
অন্যদিকে গত বুধবার থেকে ১২ দফা দাবিতে জিরানী এলাকার হামিম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন। একই দাবিতে আজ সকাল থেকে তারা জিরানী এলাকায় চন্দ্রা- নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, শিল্প ও থানা–পুলিশ রয়েছে।










