রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই গণঅভ্যুত্থনে নিহত অজ্ঞাত পরিচয়ের শহীদের মরদেহ আগামীকাল রোববার কবর থেকে তোলা হবে। এ সময় উপস্থিত থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ ড. লুইস ফন্ডারব্রেডার। শনিবার (৬ ডিসম্বের) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন করে শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। সেখানে উপস্থিতি থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ ড. লুইস ফন্ডারব্রেডার ও সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

সিআইডির ফরেনসিক ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই আন্দোলনে অজ্ঞাত শহীদদের মরদেহ উদ্ধারে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় তাঁবু স্থাপন করা হয়েছে। সেখানেই মরদেহ উত্তোলন করার পর প্রক্রিয়াগত সব কাজ করা হবে। এ অস্থায়ী তাঁবুতেই ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে মরদেহগুলো যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

এদিকে সিআইডি সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় শহীদদের পরিচয় শনাক্তে বিদেশী বিশেষজ্ঞ ফরেনসিক ইউনিটের সহযোগিতার কথা রয়েছে। শহীদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহে অন্তত এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।

এর আগে অজ্ঞাত শহীদদের মরদেহ তোলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম। এতে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিহত হন। তাদের পরিচয় শনাক্তের জন্য কবর থেকে উত্তোলন করা দরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।