ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াত সরকার গঠন করলে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি চালু করবে বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর বনানীর হোটেল শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ইশতাহার ঘোষণার সময় তিনি এ তথ্য জানান। এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইশতাহার ঘোষণা করেছে । ইশতাহারে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে দলটি।
ইশতেহারের ‘নির্বাচনী ব্যবস্থার সংস্কার’ বিষয়ে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুসংহত ও কার্যকর করতে প্রয়োজনীয় আইন ও বিধান সংস্কার করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন করা হবে।
এতে আরো বলা হয়, সব স্তরের নির্বাচনী ব্যয় কমাতে উদ্যোগ নেয়া হবে। সংসদে কমপক্ষে ৯০টি আসন বা ৩ শতাংশ ভোট পাওয়া দলগুলোর প্রতিনিধিদের জেলা ও উপজেলার নির্বাচন অফিসে পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তির বিধান করা হবে।










