কুড়িগ্রামের উলিপুরে ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবের তল এলাকায় এ ঘটনা ঘটে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকার মহুবর রহমানে ছেলে মিনহাজুল ইসলাম মুসার একটি ছাগল চুরি হলে তিনি থানায় অভিযোগ করেন। ১০-১২ দিন আগের ঘটনা এটি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সালিশ হলেও চোর চিহ্নিত করা সম্ভব হয়নি। আজ দুপুরে একই গ্রামের খরিয়া মাহমুদের ছেলে রিকশাচালক সুরুজ্জামানকে (৪২) তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যান মিনহাজুল। তাকে বাড়িতে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে মারধর শুরু করলে সুরুজ্জামান জানান, দুই যুবক একটি ছাগল নিয়ে তার রিকশায় উঠে উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেট এলাকায় নেমে যায়। ছাগলটি চুরি করা ছিল কিনা তা তিনি জানেন না। কিন্তু এরপরও মিনহাজুল তাকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে সুরুজ্জামান ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে এলাকাবাসী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌমিতা সাহা জানান, সুরুজ্জামানকে মৃত অবস্থায়ই আনা হয়েছিল। পরে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে মরদেহ নিয়ে গেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মিনহাজুলের মারধরের কারণেই সুরুজ্জামান মারা গেছেন শুনেছি। পরে আমি ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আমাকে এ তথ্য জানায়। বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরো জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টির খবর পাওয়া গেছে। সোমবার বিকাল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।