সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মানবসম্পদে পরিণত করতে হবে। এজন্য বাংলাদেশের সব রাজনীতি, রেওয়াজ ,কালচার, আইন সবখানেই শিশুদের প্রাধান্য দেয়া উচিত। শিশুকে সুরক্ষা দিয়ে বেড়ে তুললে তারা সুনাগরিক হয়ে বেড়ে ওঠবে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আইন কমিশন ও ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘‌শিশু আইন ২০১৩: সংশয়, বিভ্রান্তি ও অসংগতি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিশুদের সুরক্ষা ও বিকাশ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। কর্মশালায় শিশু সুরক্ষা এবং ন্যায়বিচারের আইনি কাঠামো শক্তিশালী করার জন্য বিচার বিভাগের প্রতিনিধিদের কাছে থেকে অনুশীলন ও শিক্ষাগুলো শনাক্ত করে আমরা যদি আজকের শিশুকে নিরাপদ, শিক্ষিত, আত্মনির্ভর ও সুনাগরিক করে গড়ে তুলতে পারি, তাহলে আগামীর বাংলাদেশও সুন্দরভাবে গড়ে উঠবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ারস। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘের সংস্থা ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওডিসি, আইএলও, আইওএম, নাগরিক সমাজের সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এবং ব্লাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।