কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরায় তিস্তার ভাঙনে বিলীন হওয়া বাঁধ সংস্কার ও নদীশাসনের দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত এলাকার মানুষ। গতকাল দুপুরে সাতালস্কর প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিস্তা নদীর পারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই এলাকার নারী-শিশুসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার সাহাসহ অন্যরা।

বক্তারা বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বন্যায় ভেঙে যায়। এতে এলাকাবাসী বন্যাকবলিত হয়ে পড়ে। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এ অবস্থায় ভেঙে যাওয়া বাঁধটি সংস্কার করা না হলে আগামী বর্ষা মৌসুমে বৃষ্টি শুরু হলে বজরা এলাকায় ভাঙন বেড়ে যাবে। এছাড়া বাঁধ না থাকায় অল্প পানিতেই এলাকায় বন্যা দেখা দেবে। তাই শুকনো মৌসুমেই বাঁধ সংস্কারসহ নদী শাসনের দাবি জানান তারা।