দেশবরেণ্য ছয় গুণীজনকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গতকাল সকালে নগর ভবনের গ্রিন প্লাজায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গুণীজনদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সংবর্ধিত গুণীজনরা হলেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, প্রখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান, শিক্ষাবিদ, নাট্যকার ও লেখক অধ্যাপক রতন সিদ্দিকী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে  শাহাবুদ্দিন আহমেদ ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মেয়র লিটন বলেন, দেশবরেণ্য গুণীজনরা দেশের জন্য, জাতির জন্য, স্বাধীনতার মূল স্রোতকে ধরে রাখার জন্য, সংবিধানকে সমুন্নত রাখার জন্য যা যা করেছেন, সেই ঋণ শোধ করা সম্ভব নয়। তারা তাদের কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, সাংবাদিক রাশেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়রপত্নী ও নারী নেত্রী শাহীন আকতার রেণী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন প্রমুখ।