উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য দেশটির সরকারকে ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি হস্তান্তর করেন। এ সময় তিনি এ সহায়তার কথা জানান। চিঠিটি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের উদ্দেশে লেখা।
এর আগে ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনায় ২৭ আগস্ট জাতীয় সংসদেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়।










