সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টায় দিরাই ও শাল্লা এবং জগন্নাথপুর উপজেলায় একই সময়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ডান্ডারবিল হাওরে ধান কাটতে যান শঙ্কর সরকার (২৮)। বেলা ১০টায় ঝড় ও কালবৈশাখী শুরু হয়, বজ্রপাতের ঘটনাও ঘটে। এসময় তিনি বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে নিহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হলেন উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে।

এদিকে দিরাই উপজেলার সরমংগল ইউনিয়নে উৎগল হাওরের টিলাউড়াবন্দে তাপস মিয়া নামের এক ধান কাটার শ্রমিক নিহত হয়েছে। নিহত হলেন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুকা গ্রামের মফিজ উল্লার ছেলে।

অপরদিকে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে কাজ করার সময় মারা যান শিপন মিয়া (২৪)। এসময় বজ্রপাতে শিপন মিয়ার একটি গরুও মারা যায়। তিনি উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ সাদী এবং দিরাই ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম নজরুল ইসলাম এবং ইখতিয়ার উদ্দিন চৌধুরী।