কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ভ্যানচালকের বাড়ি থেকে ৩১ বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ।  আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নগরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ কেজি ওজনের ৩১ বস্তা চাল নাগেশ্বরী থানায় রাখা হয়েছে। 

কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এগুলো সরকারি চাল বলে তথ্য রয়েছে। অবশ্য বস্তা পাল্টানো হয়েছে। অভিযানের খবর পেয়ে ভ্যানচালক আগেই পালিয়ে গেছে। তার বাড়ি থেকেই জানা যায় মন্তাজ নামে এক ব্যবসায়ী তার বাড়িতে চালগুলো রাখতে দিয়েছে। পরে মন্তাজের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।

তিনি আরো জানান, এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চালগুলো কোথা থেকে এসেছে তদন্ত করে তা জানার চেষ্টা করা হবে।