দেশের তিন জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় কিশোরগঞ্জ, রাজবাড়ী ও সাতক্ষীরায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন (৫০) নামে স্থানীয় বিএনপি এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই কৃষক। গতকাল সকালে উপজেলার চরকাওনা মইষাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। অন্যদিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামে পাট ও মরিচখেতে কাজ করছিলেন কামাল শেখ ও তার ফুপাতো ভাই রাজু। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে বজ্রপাতে ঘটনাস্থলে কামাল মারা যান। এছাড়া সাতক্ষীরা সদর উপজেলায় বিলে ধান কাটার সময় বজ্রপাতে অমিত্তবান আরা (৪৫) নামে এক নারী কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।