গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথবাহিনী। এ সময় নগদ অর্থ, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে অভিযান চালানো হয়। এতে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে গাঁজা ও জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দসহ ৮ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, ডিপ্টি মিয়া, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, আবু হোসেন। এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারি অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ৮ জনকে আটক করা হলেও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










