টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরভরুয়া খেলতে খেলতে যমুনা নদীতে পড়ে গিয়ে খায়রুল ইসলাম নামে সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ের ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুর সন্ধান পায়নি।
নিখোঁজ ওই শিশু গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার চর ভরুয়া এলাকার যমুনা নদীর কাছে নানির সাথে শিশু খায়রুল তিল শুকাতে গিয়েছিল। এমন সময় নানি তিল শুকানোর কাজে ব্যস্ত থাকায় শিশুটি খেলতে খেলতে যমুনা নদীতে পড়ে যায়।
রাতেই ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার একাব্বর আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীতে ব্যাপক স্রোত রয়েছে। এজন্য শিশুটিকে উদ্ধার করা যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।









