স্ত্রীকে মৃত সন্তান জন্মের কথা জানিয়ে সেই সদ্যজাতকে ২৪ হাজার টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে রহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার বিকেলে রাজশাহীর কাঁকনহাট পৌর এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রহিদুল ইসলাম নওগাঁ জেলা সদরের হাঁসাইগাড়ি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি নগরীর সিলিন্দা এলাকায় ভাড়া থাকতেন। রহিদুল-জান্নাতুন দম্পতির আরো একটি করে ছেলে-মেয়ে রয়েছে। 

এরই মধ্যে জান্নাতুন খাতুনের দায়ের করা মামলায় রহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। নবজাতক কিনে নেয়ায় গ্রেফতার হয়েছেন কাঁকনহাটের বাসিন্দা বিউটি বেগম (৩৭) ও তার সহযোগী নগরীর দাশপুকুর এলাকার তরিকুল ইসলাম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন নবজাতক উদ্ধার অভিযানে অংশ নেয়া রাজপাড়া থানার উপপরিদর্শক কাজল কুমার নন্দি। তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশকে ফোন করে স্বামী রহিদুল ইসলামের বিরুদ্ধে নবজাতক শিশুকন্যাকে বিক্রির অভিযোগ করেন জান্নাতুন খাতুন। এরপরই রহিদুল ইসলামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে নবজাতক বিক্রির তথ্য বেরিয়ে আসে। পরে গ্রেফতার করা হয় তরিকুল ইসলামকেও। তাদের দুজনের দেয়া তথ্যের ভিত্তিকে গ্রেফতার করা হয় বিউটি বেগমকে। তার বাড়ি থেকেই উদ্ধার হয় নবজাতক।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এসআই কাজল কুমার নন্দি জানান, পেশায় দিনমজুর রহিদুল ইসলাম অভাবের তাড়নায় নবজাতককে বিক্রি করেছিলেন মাত্র ২৪ হাজার টাকায়। কিন্তু স্ত্রীকে জানান তিনি মৃত সন্তান জন্ম দিয়েছেন। পরে স্বামীর আচরণে সন্দেহ হলে গৃহবধূ বিষয়টি পুলিশকে জানান। প্রথমে তরিকুল ইসলাম নবজাতককে কিনে নেন। তার কাছ থেকে কিনে নেন নিঃসন্তান বিউটি বেগম।

এনিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান।