গাজীপুরের জয়দেবপুর থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ রোববার (২৪ নভেম্বর) জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ গাজীপুরের বিচারক মো. বাহাউদ্দিন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে গাজীপুর সদর উপজেলার মনিপুর খাসপাড়া এলাকায় পার্কিং করা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন মোতালেব মেম্বারকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৪৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।
পরে তদন্ত কর্মকর্তা এসআই এমদাদুল হক একই বছরের আগস্ট মাসে তারেক রহমানসহ মোট ৩২ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ শুনানির পর মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় রোববার সকালে বিচারক সব আসামিকে অব্যাহতি দেন। আদালতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিবাদীপক্ষের পক্ষে ড. সহিদুজ্জামান, মেহেদী হাসান এলিস, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন এবং শফিকুল আলম মিলু শুনানিতে অংশ নেন।
এর আগে, ২০১৪ সালে শেখ মুজিবুর রহমান সম্পর্কে মন্তব্য করার অভিযোগে দায়ের করা একটি মানহানির মামলাতেও তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছিল আদালত। সেই মামলাটি দায়ের করেছিলেন গাজীপুর মহানগর আওয়ামী ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ।










