নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে পেটে রড ঢুকে নিহত হয়েছেন সাদেক আলী (৩৮) নামে এক নির্মাণ শ্রমিক। তিনি ময়মনসিংহের গৌরিপুরের কাউরা এলাকার রাশেদ মিয়ার ছেলে।  

আজ বুধবার বেলা ১২টায় উপজেলার গহরদী এলাকায়এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক আলী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় একটি বাড়ি নির্মাণের কাজ করছিলেন। আজ বেলা ১২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত মাচা থেকে পড়েন যান। নিচে ভবন নির্মাণের জন্য রাখা রড তার পেটে ঢুকে যায়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানা পরিদর্শক (তদন্ত) আমির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।