নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতকের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ষাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই ফজলুল হক (৬৫) একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই এবাদুল্লাহ (৫৫) পলাতক রয়েছে।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনব্যাপী ঝড় বৃষ্টির কারণে বাড়ির একটি কলাগাছ পরে ফজলুল হকের ব্যবহৃত প্লাস্টিকের বালতি ভেঙে যায়। এসময় সে ছোট ভাইকে ডেকে নতুন বালতি কিনে দিতে বলেন। এনিয়ে তর্কবিতর্ক থেকে ছোট ভাই এবাদুল্লাহ (৫৫), তার স্ত্রী সেলিনা বেগম (৫০) ও ছেলে সাকিব (২২) মিলে ফজলুল হককে মারধর করে। এক পর্যায়ে এবাদুল্লাহ বড় একটি ইটের টুকরো দিয়ে ফজলুল হকের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় ফজলুল হক।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে এবাদুল্লাহ ও তার ছেলে পলাতক। তবে এবাদুল্লাহর স্ত্রীকে আটক করা হয়েছে।










