ঢাকা কলেজে তিন দিনব্যাপী ‘কোকা-কোলা প্রেজেন্টস ৫ম ডিসিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৬৪টি বিতর্ক দল অংশ নেয়।

গত ১৪ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে উদ্বোধন করা হয়, যা ১৬ আগস্ট (রবিবার) শেষ হয়। বিভিন্ন পর্যায়ের বিতার্কিকরা প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অংশ নিয়ে নিজেদের যুক্তি ও বিতর্ক দক্ষতা তুলে ধরেন। এ বিতর্ক উৎসবের মিডিয়া পার্টনার ছিল দ্য ঢাকা ডায়েরি।

775868412_1791410895390068_7358652392408887351_n-11-2608170946

চূড়ান্ত পর্বে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী দল নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। কলেজ পর্যায়ে ঢাকা কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নটর ডেম কলেজ। আর স্কুল পর্যায়ে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক এবং টুর্নামেন্ট ডিরেক্টর জিহাদ হোসাইন বলেন, সারাদেশের জ্ঞানপিপাসু তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে যুক্তিনির্ভর এই আন্দোলনকে সফলভাবে শেষ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা প্রত্যাশা করব, তরুণদের মাঝে এই যুক্তিচর্চা গড়ে উঠুক। ফলে আমাদের দেশ হয়ে উঠবে বাস্তবের গঠনমূলক রাষ্ট্র, সেখানে আবেগের চেয়ে প্রাধান্য পাবে বাস্তবের আলোকে গঠনমূলক পদক্ষেপ ও দর্শন।

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা. Picture 02

সংগঠনটির সভাপতি ও টুর্নামেন্ট ডিরেক্টর আজিজুর রহমান পাভেল বলেন, এ প্রতিযোগিতা শুধু জয়-পরাজয়ের মঞ্চ ছিল না; এটি ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী বিতার্কিকদের চিন্তা, ধারণা ও যুক্তির মহামিলনমেলা। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা হিসেবে আয়োজনটিকে প্রতিষ্ঠিত করাই ছিল মূল লক্ষ্য।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ঢাকা কলেজ সবসময়ই কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। বিশেষ করে বিতর্কচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জোরালোভাবে সম্পৃক্ত। এখানে সারা দেশ থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকরা অংশগ্রহণ করছেন। আমরা চাই, সমাজ যুক্তিনির্ভর হয়ে উঠুক। অর্থাৎ যুক্তি ও তর্কের মাধ্যমে চিন্তার বিকাশ ঘটবে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, সমাজকে প্রগতিশীল, বৈষম্যহীন ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে বিতর্কচর্চার কোনো বিকল্প নেই। যুক্তির মাধ্যমে সত্য অন্বেষণের এই সংস্কৃতি তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকশিত করে।

এ সময় তিনি ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।

আয়োজনটি সফল করতে স্বেচ্ছাসেবক, বিচারকমণ্ডলী, অংশগ্রহণকারী বিতার্কিক, ঢাকা কলেজ প্রশাসন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। এছাড়াও জাতীয় পর্যায়ে মেধা বিকাশ ও মুক্তচিন্তার চর্চাকে এগিয়ে নিতে এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিল কোকা-কোলা। সহ-পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছে ঢাকা ব্যাংক ও শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ভার্বোলিক্স।