মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে নিরাপদে তার খাঁচায় ফিরিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে গেল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্যে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির আরেক সদস্য উপপরিচালক (খামার) মো. শরিফুল হক। এ কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের নিকট পেশ করবেন।