রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় সেকান্দার আলী (৭২) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ রোকন উদ্দিন জানান, বসুন্ধরা আবাসিক এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি সেকান্দার আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরো জানান, সেকান্দার আলীর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। তিনি মৃত সুলতান মিয়ার ছেলে। বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মোহাম্মদ ফারুক জানান,​ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে ।