বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের আঘাতে শৈবালিনি রায় (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে মোংলা উপজেলার শেলাবুনিয়া বটতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায় (৪২) ও তার স্ত্রী সুচিত্রা বিশ্বাসকে (২৮) আটক করেছে পুলিশ। নিহত শৈবালিনি রায় শেলাবুনিয়া গ্রামের খিতিশ চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয়রা জানায়, আগে থেকেই বিভিন্ন কারণে শৈবালিনি রায়ের সঙ্গে তার পুত্রবধূ সুচিত্রা বিশ্বাসের ঝগড়া-ঝাটি ছিল। গতকাল গোবরের লাকড়ি নিয়ে শৈবালিনি রায়ের সঙ্গে তার পুত্রবধূ সুচিত্রা বিশ্বাসের ঝগড়া হয়। পরে সুব্রত রায় বাড়িতে এলে ঝগড়ার বিষয়টি জানান স্ত্রী সুচিত্রা বিশ্বাস। সুব্রত রায় ক্ষিপ্ত হয়ে হাতের কোদাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে সুব্রত রায় ও পুত্রবধূ সুচিত্রা বিশ্বাসকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।