চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় আটক দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানীপুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আবুল কামাল (৪২) ও মো. এরশাদ হোসাইন (৩৮)।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কৃষি জমির টপসয়েল কাটার সময় আটক দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কৃষি জমির টপ সয়েল কেটে নেয়ার কারণে অনাবাদি জমির পরিমাণ বাড়ছে। জনস্বার্থ বিবেচনা করে এ কারাদণ্ড দেয়া হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।










