ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইরানের কর্মকর্তারা প্রায় প্রতিদিনই আলোচনা করছেন কীভাবে এ পরিস্থিতি থেকে বেরিয়ে এমন একটি সমঝোতায় পৌঁছানো যায়, যাতে দেশের মৌলিক নীতি ও মূল্যবোধ অক্ষুণ্ন থাকে এবং প্রতিপক্ষকে ভবিষ্যতে আরেকটি হামলার কথা ভাবা থেকে বিরত রাখা যায়।

প্রেসিডেন্ট জানান, যুদ্ধ কোনো সমাধান নয়। আবার যুদ্ধ আবার শুরু হতে পারে এমন দীর্ঘস্থায়ী অনিশ্চয়তাও দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি করছে।

পেজেশকিয়ান সতর্ক করে বলেন, নতুন করে সংঘাতের আশঙ্কা যতদিন থাকবে, ততদিন দেশে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে। তাই ইরানের শক্তি অক্ষুণ্ন রেখেই যুক্তির মাধ্যমে বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতা স্মারকেরও পক্ষে অবস্থান নেন ইরানের প্রেসিডেন্ট। তার দাবি, ওই সমঝোতায় এমন কোনো ধারা নেই, যা আত্মসমর্পণের শামিল কিংবা তেহরানকে কোনো ছাড় দিতে বাধ্য করে।

তিনি বলেন, দীর্ঘ আলোচনা ও পরামর্শের পর সমঝোতা স্মারকের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে, তা ছিল সংশ্লিষ্ট সব পক্ষের বিশেষজ্ঞ পর্যায়ের ঐকমত্যের ফল। এ প্রক্রিয়ায় যোদ্ধা থেকে শুরু করে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কর্মকর্তা, নির্বাহী, আইনপ্রণেতা ও বিচারক—সবাই ভূমিকা রেখেছেন।

সূত্রঃ আল-জাজিরা