বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেকোনো
শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি
চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানিয়েছে দেশটি। সোমবার (২৯
জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে
করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে তরুণদের
ধরপাকড় ও হত্যা এবং আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন ছাত্রকে হেফাজতে নেয়া ও জোর করে
বিবৃতি আদায়ের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে তার জবাবে জবাবে প্যাটেল
বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে। সেখানে
ইন্টারনেট যোগাযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে জনগণকে নিরবচ্ছিন্ন
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।
এর মাধ্যমে বাংলাদেশ এবং আমাদের যুক্তরাষ্ট্রের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে।
আরেক প্রশ্নে ওই সাংবাদিক বলেন, যুক্তরাষ্ট্রের
কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশে
শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক কংগ্রেস সদস্য বলেছেন, এ অবস্থায়
বাংলাদেশে দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কঠোর পদক্ষেপ
নেওয়া উচিত। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী?
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান
মুখপাত্র বলেন, যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায়, আমরা অবশ্যই তাদের সমর্থন করি।
তবে বিষয়টি যেহেতু মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু
বলতে পারব না।










