দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে গাছ ফেলে ছিনতাইয়ের ঘটনায় এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন- ৪ নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য রুহুল আমিন (৪১)। তিনি ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুর চৌধুরীপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। অপর দুজন হলেন উপজেলার চোরগাছা গ্রামের আবুল কালামের ছেলে সাইদুল ওরফে সাইফুল (৩৭) এবং কুন্দারামপুর পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মনোয়ার হোসেন (২৬)।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রাতে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের আজাদ মন্ডলের ছেলে আরিফ মিয়া (২৬) তার এক বন্ধুকে সাথে নিয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা ডুগডুগিহাট রোডের জোড়া ব্রিজ পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী রাস্তার মাঝে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ছিনতাইকারীরা চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাদের লাল কালারের টিভিএস আরটিআর মোটরসাইকেল এবং কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। এসময় আরিফ মিয়া মোবাইলের আলোতে ইউপি সদস্য আমিন এবং অপর আরেক ছিনতাইকারীর চেহারা চিনতে পারেন।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান ভুক্তভোগীরা ছিনতাইকারীদের নাম উল্লেখ করে থানায় এজাহার দেয়। পরে পুলিশের একটি দল পৃথক স্থান থেকে ইউপি সদস্যসহ আরো দুজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার রুপসীপাড়া গ্রামের একটি পরিত্যক্ত চাতাল থেকে ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ।
পরে গ্রেফতারকৃতদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের তিনজনের বিরুদ্ধেই বিগত দিনের ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।










