শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমি গর্ব নিয়ে বলি, আমাদের শ্রমিকরা পৃথিবীর সেরা। তারা অনেক পরিশ্রমী, ২৪ ঘণ্টা কাজ করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনে সই করা অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় অর্জন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে অগ্রগতি, ভবিষ্যৎ গঠন: তিনটি আইএলও কনভেনশনের বাংলাদেশের অনুমোদন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রম উপদেষ্টা বলেন, নির্মাণ খাতে কাজ করা শ্রমিকদের ৫০ শতাংশই নারী। তারা অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। নির্মাণ খাতের কনস্ট্রাকশন ফার্ম বাংলাদেশ শ্রম আইন না মানলে তাদের সরকারি কাজ দেয়া হবে না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তার, উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, সম্মানিত অতিথির বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (পিআরএল) এবং প্রাক্তন সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সমাপনী বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো সানোয়ার জাহান ভূঁইয়া।
আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনের সঞ্চালনায় ‘পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য এবং সহিংসতা ও হয়রানি প্রতিরোধে অর্জন এবং ভবিষ্যৎ পথ’ শীর্ষক এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিনিধিত্বকারী প্যানেলিস্টরা এতে অংশ নেন।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, শ্রম অধিকার ও তাদের ন্যায্যতা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। ভারত, ভিয়েতনাম এবং চীনে ব্যবসা চলে যাচ্ছিল। সরকার এটি নিয়ে কাজ করেছে ফলে রেকর্ড পরিমাণ রফতানি সম্ভব হয়েছে।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সই করা আইএলও কনভেনশনগুলো হচ্ছে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক কনভেনশন ১৫৫, কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধবিষয়ক কনভেনশন ১৯০। এ তিনটির মধ্যে ১৮৭ ও ১৫৫ আইএলওর মৌলিক কনভেনশন।










