দেশের চিকিৎসা মহাবিদ্যালয়গুলোতে (মেডিকেল কলেজ) পড়াশোনার মান বাড়ানোর লক্ষ্যে সরকার অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, ‘আমরা যদি মান ঠিক রাখতে না পারি, যদি অধ্যাপক দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোথা থেকে তৈরি হবে? এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে। তাই মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে সরকার। আমরা কিছু একটা করব। হয়তো সরকারি মেডিকেল কলেজ দিয়ে শুরু করব।’
এক্ষেত্রে মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেয়া হবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘প্রয়োজনে সরকারি মেডিকেলগুলোর সঙ্গে বেসরকারিগুলোকে সমন্বয় করা হবে।’
এ সময় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে সকল অংশীজন পূর্ণ তৎপর ছিলেন। প্রশ্ন ফাঁস থেকে শুরু করে পরীক্ষার কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। ভর্তি পরীক্ষা সুষ্ঠু অনুষ্ঠিত হচ্ছে।’
একই সঙ্গে প্রশ্নফাঁসের খবরকে গুজব বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।










