ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-পিকআপ সংঘর্ষে তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় আরো ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহে দুজন, খাগড়াছড়ি, কুষ্টিয়া, রাজধানীর বংশাল ও পাবনায় একজন করে নিহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
ময়মনসিংহ: জেলার তারাকান্দায় গতকাল সকাল ৮টার দিকে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে ও পিকআপচালক কামরুল ইসলাম (২৫), সন্ধ্যাপুড়া গ্রামের ওসন আলীর ছেলে কাদির মিয়া (৪৫) এবং আকদপাড়া গ্রামের মৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)।
তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী জানান, পিকআপচালক ঘটনাস্থলেই মারা যান। ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
ঝিনাইদহ: জেলার মহেশপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকালে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গণি হাজির ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, অটোরিকশায় কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যান।
খাগড়াছড়ি: জেলার গুইমারা উপজেলার হাতিমুড়ায় শান্তি পরিবহনের একটি বাসচাপায় শহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে। এ ঘটনায় আহত হন অন্য একজন।গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, শান্তি পরিবহনের বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। আহত মোটরসাইকেল আরোহীকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু হয়।
কুষ্টিয়া: ট্রাকচাপায় জামাল উদ্দিন নামে সাবেক এক মেম্বার নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের বটতৈল মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া সদর মডেল থানার এসআই দিলীপ সরকার জানান, ট্রাকটি সার্ভিসিং করার পর অন্য কেউ ট্রায়াল দিচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে জামাল উদ্দিনকে চাপা দেয়।
ঢাকা: রাজধানীর বংশাল থানার বিআরটিসি কাউন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. ইউনুস (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা: জেলার সাঁথিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে ইসলাম হোসেন (৬২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরো একজন। গতকাল দুপুরে উপজেলার পাঁচধোপাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম হোসেন সাঁথিয়া উপজেলার ঠহরজনি গ্রামের মৃত জাহিদ আলীর ছেলে। আহত সামাদ সরদার (৫৮) একই গ্রামের বাসিন্দা।










