রাজশাহীর চারঘাটে বিক্রির উদ্দেশ্যে প্রায় ৬০০ বাবুই পাখি ধরে জবাই করার অভিযোগে বাবা-ছেলের এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। এছাড়া প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

দণ্ডিতরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট এলাকার আবু বক্কর সিদ্দিক (৫৫) ও তার ছেলে ফিরোজ হোসেন (৩২)। দণ্ডিত ফিরোজ হোসেনের শ্বশুরবাড়ি উপজেলার কাঁকড়ামারী পাতির বিল এলাকায়। ভোর ৫টার দিকে সেখান থেকেই জবাই করা বাবুই পাখিসহ তাদের আটক করে চারঘাট মডেল থানা পুলিশ। ওই সময় বিক্রির উদ্দেশ্যে জবাই করা বাবুই ব্যাগে ভরছিলেন বাবা ও ছেলে। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নেয়া হয়।

চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।