নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুদ ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। অভিযানে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূইয়ার হাট-বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়। এ সময় পেট্রোলিয়াম আইন, অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সারেংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।