বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার
অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বেলা ১১টার দিকে
বরগুনার শিশু আদালতের বিচারক মো.
হাফিজুর রহমান এ চার্জ গঠন করেন। চার্জ গঠনের
মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। একই সঙ্গে ১৩ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪
আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
গতকাল সকালে মামলার অপ্রাপ্তবয়স্ক ১৩
আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এদিন আদালতে উপস্থিত হন জামিনে থাকা
অপ্রাপ্তবয়স্ক আসামি প্রিন্স মোল্লাও। পরে আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনা
অভিযোগ পড়ে শোনানো হয়। চার্জ গঠন শেষে ১৩ আসামিকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ
দেন আদালত।
আসামিরা হলেন রাশিদুল হাসান রিশান
ফরাজী, মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার,
মো.
আবু আবদুল্লাহ রায়হান, মো. ওলিউল্লাহ
অলি, জয়
চন্দ্র সরকার চন্দন, মো. নাইম, মো. তানভীর হোসেন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত,
মো.
সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ, মারুফ
মল্লিক, প্রিন্স মোল্লা,
রাতুল সিকদার জয় ও আরিয়ান হোসেন শ্রাবণ।
এ বিষয়ে রিফাত হত্যা মামলার
বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন,
রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির
বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ১৪ আসামির মধ্যে ১৩ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে
সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৩০২ এবং ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য
দিয়ে রিফাত হত্যার বিচার শুরু হলো। ১ জানুয়ারি এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে
চার্জ গঠন সম্পন্ন হয়েছিল।
উল্লেখ্য, গত
বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে
আসামিরা। এ ঘটনায় রিফাতের বাবার দায়ের করা মামলায় ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত
করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ।









