বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস কক্সবাজার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গত শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। অতিবৃষ্টিতে কক্সবাজারের হোটেল-মোটেল জোনসহ জেলার রামু উপজেলা, ঈদগাও, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফের বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। পাশিপাশি পাশ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িও প্লাবিত হয়েছে। 

এদিকে, অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ।