র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স উল্লেখ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি, ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে কোথাও আমার ছেলেমেয়েকে কেউ র্যাগ দিলে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। র্যাগিংয়ের কোনো অভিযোগ এলে বিশ্ববিদ্যালয়ের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
গতকাল দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগ আয়োজিত ‘নবীনবরণ, কারিকুলাম বিতরণ এবং বিদায় অনুষ্ঠানে’
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একুশে পদক-২০২২ পাওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে এফএমবি বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, সহযোগী অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, মো. আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক পূজা বৈদ্য, আল-মামুন ফরিদ, বিভাগের শিক্ষার্থী সুশান্ত কুমার রায়, সুস্মিতা গোস্বামী প্রমুখ।









