‘‌বাংলাদেশ রেলওয়ের রোলিংস্টক ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত কর্মীরা প্রথমবারের মতো বৈদেশিক প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রেলওয়েতে কর্মী পর্যায়ে এটি প্রথম বিদেশ প্রশিক্ষণের উদ্যোগ।

দক্ষিণ কোরিয়া সরকারের অনুদান প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।

এ প্রশিক্ষণে বিভিন্ন লোকোমোটিভ কারখানা ও লোকোসেডের মোট দশ জন এবং সমন্বয়ক হিসেবে দুইজন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আগামীকাল ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণটি দক্ষিণ কোরিয়ার বুশানে কোরিয়া রেল ওয়ার্কসপে অনুষ্ঠিত হবে। প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকারের অর্থ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) প্রশিক্ষণার্থীরা ঢাকা ত্যাগ করবেন। প্রকল্পের আওতায় এর আগে পাহাড়তলী ডিজেল ওয়ার্কসপে দুই দফায় ৬০ জন কর্মীকে কোরিয়ান বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেন। ওই প্রশিক্ষণ শেষে মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করে এবার বৈদেশিক প্রশিক্ষণার্থীদের নির্বাচিত করা হয়েছে।

প্রশিক্ষণার্থী ও সমন্বয়করা হলেন, চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো), মো. রেজওয়ান উল-ইসলাম; ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) নিরঞ্জন সিকদার; ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) শহিদুল ইসলাম; ইলেকট্রিক মিস্ত্রি (গ্রেড-১) মো. মোজাম্মেল হক ও মো. মামুনুর রশিদ; ইলেকট্রিশিয়ান (গ্রেড-১) মো. শামীম হোসেন ও শাহিনুর আলম; ফিটার (গ্রেড-১) হারুন অর রশিদ, মো. সৈয়দ ওয়াকত হোসেন ও মো. সালাউদ্দিন; বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রাসেল আলম এবং রেলপথ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ফাহিমুল ইসলাম প্রশিক্ষণার্থীদের শুভকামনা জানান এবং আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের অনুরোধ জানান। তিনি দক্ষতা উন্নয়ন কর্মসূচীর উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানান।

রেল সংশ্লিষ্টরা মনে করছে, কর্মী পর্যায়ে বৈদেশিক প্রশিক্ষণ বিভিন্ন স্তরের কর্মীদের কর্মক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করতে উৎসাহ যোগাবে।