বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নাদিমুল হক এলেম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের একজন সরোয়ার হোসেন স্বপনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার দিবাগত আজ রাত ১ টা ৪৮ মিনিটে রাজধানীর বাবুবাজার এলাকার আলিফ লাম মিম কমপ্লেক্সের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় আরেকটি মামলা রুজু করেন।
বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো বিভাগ পরিচালনা করছে। গ্রেফতারকৃত স্বপনকে আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










