গতকাল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়।
জেলার বরুণকান্দি মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ, আধুনিক গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সফলতা কামনা করে বক্তারা উচ্চ শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।










