বগুড়ার শেরপুরে ফসলি জমি থেকে ফজর আলী (৬৫) নামের এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামস্থ একটি ফসলি জমি থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি একই গ্রামের ময়েজ উদ্দীন মন্ডলের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাড়ির পাশে ফসলি জমির মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর থানায় সংবাদ দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ফজর আলী পেশায় একজন ভ্যান চালক। তার মৃতদেহ জমির মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে মৃতদেহটি দ্রুত উদ্ধার করে থানায় আনা হয়। তার পরনে শার্ট ও লুঙ্গি ছিল।
রহস্যজনক মৃত্যুর কারণ জানতে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই কেবল তার মুত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব।










