অপেক্ষাকৃত ছোট অপরাধ ও লঘু দণ্ড পাওয়া চারজন কয়েদিকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। আজ শনিবার ছয় থেকে এক বছর মেয়াদে সাজাপ্রাপ্ত এই চারজন কয়েদিকে মুক্তি দেয়া হয়।
এর মধ্যে কালিহাতীর দুইজন ও বাসাইলের একজন মুক্তি পেয়ে বাড়ি চলে গেছেন। আর ধনবাড়ীর একজন জরিমানা পরিশোধ না করায় এখনো মুক্তি পাননি।
টাঙ্গাইলের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশে করোনা ভাইরাসের কারণে অপেক্ষাকৃত ছোট অপরাধে কম সাজা পাওয়া বন্দীদের সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতি জেলাতেই মুক্তি দেয়া হবে। ঢাকা বিভাগে মোট ২৯ জনকে মুক্তি দেয়া হবে। এরই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা কারাগার থেকে চারজনকে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে আজ দুপুরে ৩ জন মুক্তি পেয়ে চলে গেছেন। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা আছে। সেই জরিমানার টাকা দিলেই তিনি চলে যেতে পারবেন। না দিলে সাজা ভোগ করতে হবে। তারা সবাই চুরি ও মাদক মামলার আসামি বলেও জানান জেল সুপার।









