বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি। বরং দেশ ও জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে এবং তাদের জানমাল রক্ষার জন্য আন্দোলন করেছি। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
এ্যানী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা মুখ ফুটে কিছু বলতে পারেনি। কেবল নীরবে কেঁদেছে। আওয়ামী লীগ সরকার একটি কর্তৃত্ববাদী সরকার। গত ১৬ বছরে তারা অসংখ্য রাজনৈতিক নেতাকর্মীকে গুম ও খুন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করেছে। কিন্তু শেষ রক্ষা তাদের হয়নি। এখন তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
বিএনপি নেতা আরো বলেন, শেখ হাসিনা দেশেও ষড়যন্ত্র করেছেন, আর এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমরা এসব গুম, খুন ও লুটপাটের বিচার চাই। যারা এর সঙ্গে জড়িত তাদের দ্রুত বিচার করতে হবে।
এ্যানী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতি ও ধর্ম নির্বিশেষে সবার জন্য রাজনীতি করেছেন। তিনি পাহাড়ি-বাঙালি আলাদা করেননি। আজ ষড়যন্ত্র করে পাহাড়ি-বাঙালির নামে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করব।










