চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গাছের ডালের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিক ফারুক হোসেন (৩৫) পাথিলা গ্রামের আবুল মিঞা ওরফে খোঁড়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ঝড়ে পড়ে যাওয়া গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় ফারুক হোসেন। গাছেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে।
মৃত ফারুক হোসেনের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য দিয়ে দেয়া হয়।










