ঝালকাঠিতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল সকালে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় পশ্চিম ঝালকাঠি যুব উন্নয়ন এলাকায় একটি অবৈধ টোলঘর উচ্ছেদ করা হয়। অভিযানে আরো অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও এমএম মাহমুদ হাসান।

স্থানীয় সূত্র জানায়, এ টোলঘরে অবস্থানকারী কিছু যুবক মহাসড়ক দিয়ে চলাচলকারী সব যানবাহন থেকে টোলের নামে চাঁদা আদায় করত। গতকাল পুলিশ টোলঘরটি ভেঙে দেয়।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, দেশের অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সীমিত আকারে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন খাতে চাঁদাবাজি রোধে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে বিশেষ চেকপোস্টসহ টহল বৃদ্ধি করা হয়েছে। কোথাও পরিবহন খাতে চাঁদাবাজি পরিলক্ষিত হলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে।