মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে আরাকানের স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) তুমুল সংঘর্ষে সে দেশের সীমান্তে চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে থমথমে অবস্থা বিরাজ করছে বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা।
গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পিলার ৩৩, ৩৪ ও ৩৫ এলাকায় কমবেশি ৩০ কিলোমিটার সীমান্তে থেমে থেমে এ সংঘর্ষ চলছে। সব শেষ আজ রোববার (৪ ফেব্রুয়ারি) এ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে ঘটেছে নানা ঘটনা।
এসব ঘটনার মধ্যে রয়েছে আশ্রয়ের খোঁজে অস্ত্র ও গুলিসহ বাংলাদেশে প্রবেশ করা মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও বর্ডার গার্ড অব পুলিশের (বিজিপি) বেশ কয়েক ডজন সদস্যের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যবস্থা গ্রহণ। এছাড়া মিয়ানমারের ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশী আহত, অবিস্ফোরিত গ্রেনডের আঘাতে তুমব্রুর কোনার পাড়ার এক ব্যক্তির ঘরের চাল ফুটো হওয়ার মতো ঘটনাসহ সংঘর্ষের তীব্রতা বিবেচনায় ছয়টি বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয়সহ একাধিক সূত্রে জানা গেছে, গত এক মাস ধরে বাংলাদেশের তুমব্রু সীমান্তের ওপারে আরাকান রাজ্যে ওই সংঘর্ষ চলছে। তবে আজকের মতো ঘটনাবহুল পরিস্থিতির মুখোমুখি হয়নি সীমান্তবর্তী তুমব্রুবাসী। মিয়ানমারের আরাকান রাজ্যে ওই সংঘর্ষের তীব্রতার প্রভাবে সকাল থেকে নিজ দেশের সীমানা অতিক্রম করে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও বিজিপির সদস্যরা আশ্রয়ের খোঁজে প্রবেশ করতে শুরু করে বাংলাদেশের তুমব্রু লোকালয়ে। প্রবেশ করা মিয়ানমারের সৈন্যদের এ সংখ্যা সন্ধ্যা নাগাদ কমবেশি অর্ধশতে দাঁড়িয়েছে বলে সূত্রগুলো জানায়।
সকালে মিয়ানমারের দিক থেকে ছোঁড়া গুলিতে তুমব্রু ক্যাম্প পাড়ার তবীন্দ্র ধর (৫২) ও বিকালে তুমব্রু পাড়ার শাসমু নামের দুই ব্যক্তি আহত হয় বলে একই সূত্রে জানা গেছে।
এদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। নিরাপত্তা চৌকিগুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
আজ বিকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল আবদুল্লাহ আল মাসরুকি সাংবাদিকদের জানান, সীমান্ত পথে আরো ৩০ জনেরও বেশি মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশের জন্য অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। তাদের মধ্যে কয়েকজন রক্তাক্ত ছিল বলেও জানা গেছে। এ পর্যন্ত আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপির সদস্যদের প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরস্ত্র করে হেফাজতে নেয়া হয়েছে।
একইদিন সকালে মিয়ানমারের অভ্যন্তরের সংঘর্ষের কারণে বিশেষ বিবেচনায় সাময়িকভাবে ছয়টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিদ্যালয়গুলো হলো, বাইশফাঁড়ি, ভাজাবনিয়া, তুমব্রু, পশ্চিম কুলসহ দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিশকাতুন নবী দাখিল মাদরাসা।
সাময়িকভাবে পাঁচটি সরকারি বিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। একটি মাদ্রাসা বন্ধের বিষয় নিমশ্চত না জানিয়ে তিনি বণিক বার্তাকে বলেন, তুমব্রু সীমান্তে আতঙ্কিত মানুষদের নিরাপদে সরানোর ব্যবস্থাসহ পরিস্থিতি সম্বন্ধে সজাগ থাকতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে। এছাড়া নিরপত্তা বিবেচনায় ওই এলাকাগুলোর সীমান্তঘেঁষা দেশের অভ্যন্তরের একাধিক সড়ক যোগাোযগ বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।
সীমান্তের ওপারে চলা সংঘর্ষের প্রভাব নিয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, মিয়ানমারের ওপারে থেমে থেমে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। আর্টিলারি, মর্টার শেল ও গোলার বিকট শব্দে তুমব্রু সীমান্ত কাঁপছে। শূন্যরেখার আশপাশে প্রায় ৮০০ একর জমিতে বাংলাদেশী কৃষকের ধান ও শাকসবজির চাষাবাদ করেন। সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বাংলাদেশ অংশে গুলি এসে পড়ায় চাষিরা আতঙ্কে খেত-খামারে যেতে সাহস করছেন না।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, তাঁর ইউনিয়নের চাকঢালা, জামছড়ি, আশারতলী, আমতলী এলাকা পড়েছে মিয়ানমার সীমান্তে। সেখানে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বাঙালিরা ধান, শাকসবজির চাষাবাদ করেন। ওপারের গোলাগুলিতে তারা আতঙ্কে আছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া বলেন, সীমান্তের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসনকে অবহিত করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থানে আছে। সীমান্তে বিজিবি টহল জোরদার, তুমব্রু সীমান্তবাসীদের অভয় ও নিরাপত্তা প্রদানে কাজ করছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।










